কণ্ঠ যার করোনার টিকা!

মহামারী করোনায় ভারতে আসার পরপর কাউকে ফোন করলেই শোনা যাচ্ছে আজ পুরো দেশটি করোনার বিরুদ্ধে লড়াই করছে...এমন একটি বক্তব্য। সারা ভারতের কোটি কোটি মানুষ শুনছে এই করোনার সতর্ক বার্তা। কিন্তু সতর্ক করার পেছনের কণ্ঠের নারীটি কে? করোনা আসার পর যিনি রীতিমতো তারকা হয়ে উঠেছেন!

ভারতের সংবাদমাধ্যমের বরাতে বিবিসি বলছে, করোনা প্রতিরোধে যার কণ্ঠ অনেকটা ‘প্রতিষেধকের’ মতো কাজ করে যাচ্ছে, তার নাম জসলিন ভাল্লা। বিবিসি বলছে, ভারতে প্রতিবারই ফোন করার সময় জসলিন ভাল্লা নামের ওই নারীর কণ্ঠ বেজে উঠছে কলার টিউন হিসেবে। ভয়েসওভার শিল্পী জসলিন আপাতত ভারত সরকারের প্রতিনিধি।

খবরে বলা হয়েছে, প্রথম প্রথম জেসলিনের এই গলা সবার নাকি বিরক্তির কারণ হয়েছিল। আস্তে আস্তে সেই গলাই সবার প্রিয়। তার কলার টিউনটি এত জনপ্রিয়তা পেয়েছে যে এটিতে বহু মিমসও তৈরি হয়েছে। আবার অনেকে এর দীর্ঘতায় বিরক্ত হয়ে সরকারকে এটি বন্ধ করার আবেদনও জানিয়েছেন। জেসলিন জানান, সবার আগে তাকে মতামত জানিয়েছেন তার পরিবার এবং বন্ধুরা। জেসলিনকে প্রশ্ন করা হয়েছিল, নিজের গলা শুনে কেমন লাগে তার? উত্তর এসেছিল, এটি খুব আশ্চর্যজনক মনে হচ্ছে। আপনি কাউকে কল করেছেন এবং আপনার নিজের গলা শুনতে পাচ্ছেন। মাস্ক এবং ৩০ সেকেন্ডের জন্য স্যানিটাইজার ব্যবহার করতে বলছেন। আনন্দ, অস্বস্তি দুটোই হয় তখন।

জেসলিন বলেন, রেকর্ডিংয়ের জন্য পরিচালকের কাছ থেকে ডাক পেতেই তিনি এককথায় রাজি হয়ে যান। যত দিন করোনা থাকবে, তত দিন তার কণ্ঠস্বর থাকবে। একদিকে গুরু  দায়িত্ব ছিল ঠিকমতো বলার, আরেক দিকে জনপ্রিয়তা। প্রথমটি ঠিকমতো পালন করায় দ্বিতীয়টি এসেছে সহজেই।