চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৮ পুলিশসহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি একদিনে মিরসরাইয়ে করোনা শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ২৩ জনের নমুনা সংগ্রহ করে গত ১১ জুন পরীক্ষার জন্য পাঠায়। গত ১৫ জুন গভীর রাতে পাওয়া প্রতিবেদনে জানা যায় ১০ জন করোনায় সংক্রমিত। এদের মধ্যে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমানসহ ৮ পুলিশ সদস্য রয়েছে। নমুনা দেওয়ার পর থেকে তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আক্রান্ত অন্যদের একজন ব্যাংক কর্মকর্তা ও একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।