নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে সাত্তার আলী নামে এক খামারির চারটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। মঙ্গলবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
খামারি সাত্তার আলী দেশ রূপান্তরকে জানান, তিনি দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে খামার করে চারটি গরু লালন পালন করে আসছিলেন। এ খামারের গরুর দুধ বিক্রি করেই তার সংসার চলে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খামারের দরজা তালাবদ্ধ করে তিনি ঘুমাতে চলে যান। পরে সকালে ঘুমতে থেকে উঠে খামারে গিয়ে দেখেন খামারে থাকা চারটি গরুর একটিও নেই। গভীর রাতে চোরের দল খামারের দরজার তালা ভেঙে চারটি গরু চুরি করে নিয়ে গেছে।
সাত্তার আলী আরও বলেন, গরু দুধ বিক্রি করেই আমার সংসার চলতো। করোনাকালীন সময়ে এমনিতেই নুন আনতে পান্থা ফুরায় তার উপর আবার গরু চুরি হয়ে গেছে। এখন সংসার কিভাবে চালাবো তা নিয়ে চিন্তা আছি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের ঘটনার কথা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।