কিডনি রোগে আক্রান্ত আলিফ আলাউদ্দিন, শিগগিরই প্রতিস্থাপন

সব সময় হাসি মুখে থাকা সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন প্রায় এক দশক ধরে বয়ে বেড়াচ্ছেন কিডনি রোগ। দুটি কিডনির ৮০ ভাগই নষ্ট হয়ে গেছে।

আলিফ এতদিন খবরটি গোপন রাখলেও প্রকাশ্যে আনলেন সঞ্চালক আনজাম মাসুদ।

বুধবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আলিফ আলাউদ্দিন আমাদের অত্যন্ত প্রিয় উপস্থাপক, সংগীতশিল্পী, সম্ভ্রান্ত সংগীত পরিবারের একজন কৃতি সন্তান। সর্বদা হাসিখুশি এই মেয়েটি বিগত ৮-১০ বছর যাবত পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত।”

আরও জানান, জিনগতভাবে মা সালমা সুলতানার কাছ থেকে এ রোগ পেয়েছেন আলিফ। প্রখ্যাত এ সংগীতশিল্পীও এ রোগে আক্রান্ত হয়ে মারা যান কয়েক বছর আগে।

আনজাম বলেন, “ডাক্তারের পরামর্শ ও নির্দেশ মতো তালিকাভুক্ত খাবার এবং ঔষধ খেয়েই দুরারোগ্য রোগের সাথে (আলিফ) যুদ্ধ করে যাচ্ছেন। আমরা যখন মিউজিকবাজ দেখি, যখন তার গান শুনি একটিবারের জন্যও আপনাদের কি মনে হয় যে তার দুটো কিডনির আশিভাগ ড্যামেজ?”

আরও বলেন, “সবার কাছে আমাদের প্রিয় আলিফের জন্য দোয়া কামনা করছি, কারণ খুব তাড়াতাড়ি তার একটি কিডনি প্রতিস্থাপনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ইতোমধ্যে হাসপাতাল কেন্দ্রিক কাজগুলো শুরু হয়েছে। আমাদের এই প্রিয় বোন, বন্ধুটির জন্য আপনার আমার সবার মানসিক সাপোর্ট এবং দোয়া বিশেষ প্রয়োজন।”

কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ পপ ঘরানার গানে পেয়েছেন খ্যাতি। এ ছাড়া সংগীত বিষয়ক অনুষ্ঠানে সঞ্চালনা করছেন অনেক দিন ধরে।