নবাবগঞ্জে পুলিশের ৫ সদস্যসহ আক্রান্ত ১৮

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন শনাক্ত হওয়ার ১৮ জন করোনা রোগীর মধ্যে ৫জন পুলিশ সদস্য রয়েছে। আক্রান্ত হওয়া পুলিশ সদস্যরা নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম পুলিশ ক্যাম্পের কর্মরত।

দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,  গত ১০ই জুন উপজেলার বিভিন্ন এলাকার ৩৭ জনের নমুনা ঢাকা পাঠানো হয়। মঙ্গলবার রাতে পাওয়া ফলাফলে সেখান থেকে ২০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে নতুন করে আক্রান্ত ১৮ জন এবং দুইজন পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে। 

নতুন আক্রান্তদের মধ্যে ৫ পুলিশ সদস্য ছাড়াও বক্সনগরের ৫, শোল্লার ৩, চূড়াইন, নয়নশ্রী, যন্ত্রাইল, কলাকোপা ও খারশুরের ১ জন বাসিন্দা রয়েছে।

পাড়াগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রব জানান, আক্রান্ত ৫ পুলিশ সদস্য কনস্টেবল হিসেবে কর্মরত। আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।