পটুয়াখালীর গলাচিপায় এক লাখ টাকার জাল নোটসহ শামীম (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় শামীমসহ অজ্ঞাত আরও চার পাঁচ জনের নাম উল্লেখ করে গলাচিপায় থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার পানিখালি বাজার থেকে ১০০০ টাকার ১০০ টি নোটসহ তাকে আটক করা হয়। আটককৃত শামীম দুমকির জলিশা গ্রামের সোহরাব হোসেন এর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পানিখালি বাজার থেকে আল আমিন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৯৭ হাজার টাকায় একটি গরু ক্রয় করেন শামীম। এসময় তিনি আল আমিনকে অন্ধকারে নিয়ে টাকাগুলো দেন। আল আমিনের সন্দেহ হলে তিনি টাকাগুলো গুনে বুঝে নেওয়ার জন্য আলোতে এসে জাল টাকা শনাক্ত করেন। পরে স্থানীয়রা শামীমকে জাল টাকাসহ আটক করে রাত দশটার দিকে পুলিশে সোপর্দ করে।
গলাচিপা থানা ওসি মনিরুল ইসলাম জানান, শামীমকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া জাল নোট চক্রের সাথে জড়িতদের শীগ্রই আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে ।