বর্ণবাদের বিরুদ্ধে কড়া বার্তার মধ্য দিয়ে ফিরল ইংলিশ লিগ

করোনাভাইরাসের কারণে বিরতি পড়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে। মার্চে অন্যান্য দেশের মতো ইংল্যান্ডেও বন্ধ হয়ে যায় খেলা। করোনা বিরতি কাটিয়ে ঠিক ১০০ দিন পর বুধবার রাতে মাঠে ফিরেছে তর্কসাপেক্ষে বিশ্বের সেরা ফুটবল লিগ। বর্ণবাদের বিপক্ষে কড়া বার্তার মধ্য দিয়েই ফিরেছে এই লিগ।

করোনা বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড। ম্যাচটি গোল শূন্য ড্র হয়।

অবশ্য ম্যাচে ছিল ‘গোল লাইন’ বিতর্কও। অ্যাস্টন ভিলা গোলরক্ষক গোললাইনের ভেতর থেকে বল ধরলেও রেফারি গোল দেননি। ছিল গোললাইন প্রযুক্তির গড়বড়। 

এরপরও সব ছাপিয়ে ফের প্রিমিয়ার লিগ মাঠে ফেরা আর বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের সুরই বলতে গেলে করোনা পরবর্তী ইংলিশ লিগের প্রথম ম্যাচের শিরোনাম।

সব খেলোয়াড়রাই এদিন মাঠে নেমেছিল জার্সির পেছনে নামের পরিবর্তে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লিখে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানাতেই এই প্রয়াস।

এ ছাড়া কিক অফের আগে মাঝ বৃত্তে হাঁটু গেড়ে বসে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান খেলোয়াড়রা। এ সময় রেফারিও খেলোয়াড়দের কাতারে যোগ দেন। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতদের স্মরণে পালন করা হয়ে এক মিনিট নীরবতা।