৬ দিনে ঢাকা থেকে আসেনি নমুনার রিপোর্ট

করোনা পরীক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানো হলেও নিয়মিত টাঙ্গাইলে রিপোর্ট আসছে না। গতকাল বুধবার পর্যন্ত ৬ দিনের (১১-১৬ জুন) মোট ৬৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি জনসাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যদিও গতকাল ১০ জুনের রিপোর্ট এসেছে। এতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৩০ জন।

নমুনা পরীক্ষার রিপোর্ট প্রতিদিন পাওয়ার দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ‘নমুনা প্রদানকারী অনেকেই রিপোর্ট না পাওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে চলাফেরা করেন।’ টাঙ্গাইলে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালুর ঘোষণা দেওয়া হলেও এখনো সেটা চালু হয়নি। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ল্যাব চালু হতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের বরাত দিয়ে তার কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মুহম্মদ আজিজুল হক বলেন, ‘গত মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি। এতে ৬৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। ঢাকায় অতিরিক্ত চাপের কারণে নমুনার রিপোর্ট নিয়মিত আসছে না। তবে গতকাল (বুধবার) সকালে ১০ জুনে ১০১ জনের পাঠানো নমুনার রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৫৯ জন করোনা রোগী।