জয়পুরহাটে সাংবাদিকদের মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী সাজানোর চেষ্টা, হত্যার হুমকি ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগে থানায় স্থানীয় ৯জন সাংবাদিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল বুধবার দুপুরে জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামানসহ ৯ সাংবাদিক পৃথক জিডি করেন।
সাংবাদিকরা জানান, গত ১৪ জুন joypurhatzilapressclub2002@gmail.com ই-মেইল আইডি থেকে কিছু সাংবাদিকের ই-মেইলে পুলিশ সুপার, জয়পুরহাট বরাবর ৭ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন ভিত্তিহীন তথ্য দিয়ে আবেদন করা হয়েছে এবং এরপর থেকে আরও কয়েকজন সাংবাদিককে বিভিন্নভাবে হয়রানি এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
এতে তাদের সম্মান ক্ষুণ্ণ হওয়ায় ৯ সাংবাদিক তাদের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা, ওই ই-মেইল আইডি খতিয়ে দেখাসহ দৈনিক তুলসীগঙ্গা নামের একটি অনলাইন পোর্টাল ও ফেইসবুক পেইজের প্রকাশক রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।
জিডির বিষয়গুলো নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ওসি শাহরিয়ার খাঁন।