প্রায় চার দশকেরও বেশি পুরনো কুড়িগ্রামের ঐতিহ্যবাহী পৌর মিলনায়তন ভেঙে মার্কেট নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সংস্কৃতিকর্মীসহ সচেতন নাগরিক সমাজ। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বর্তমান পৌর মেয়র দোকানঘরের পজেশন বিক্রির ব্যবসা ও অবৈধ বাণিজ্য সুবিধার চিন্তা থেকে জেলার সংস্কৃতিমনা মানুষদের হৃদয়ে রক্তক্ষরণ করে ঐতিহ্যবাহী পৌর মিলনায়তনটি ভেঙে সেখানে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।
তার এ হীন প্রচেষ্টাকে প্রতিহত করা হবে। তারা আরও বলেন, জেলার সংস্কৃতিকর্মীদের সংস্কৃতিচর্চা ও বিকাশের একমাত্র এ আশ্রয়স্থলটি যথাস্থানে পুনর্নির্মাণ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পৌর কর্র্তৃপক্ষকে মিলনায়তন পুনর্নির্মাণে বাধ্য করা হবে। মানববন্ধন শেষে মিলনায়তন পুনর্নির্মাণের দাবিতে গণস্বাক্ষর নেওয়া হয়।
মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু ম-ল, প্রবীণ নাট্যকার ও প্রাবন্ধিক সরদার মোহাম্মদ রাজ্জাক, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, বাসদ নেতা আবুল বাশার মঞ্জু ও সিপিবি নেতা নূর মোহাম্মদ আনসার প্রমুখ উপস্থিত ছিলেন।