সুশান্তের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

অকালে চলে যাওয়ায় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু অনেকেই মেনে নিতে পারছেন না। এরই মধ্যে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। কেন সুশান্ত আত্মহত্যা করলেন? শুরুতেই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলিউডের একাংশের দিকে আঙুল তোলেন কঙ্গনা রানৌত। নাম বলেননি, তাই সুশান্তের পরিণতির জন্য ঠিক কার বা কাদের কথা বলতে চাইছেন কঙ্গনা, তা নিয়ে আলোচনা, গবেষণা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নানা অভিযোগ, অনুযোগ সেখানে। এরই মধ্যে কয়েকটি নামও চলে এসেছে নেটিজেনদের আলোচনায়। বিশেষ করে করণ জোহর এবং সালমান খানের বিরুদ্ধে বিষোদগার করছেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর জন্য করণ, সালমানদের দায়ী করে তাদের কুশপুত্তলিকা পোড়ান প্রয়াত অভিনেতার ভক্তরা। পাটনায় এমন ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম খবরটি প্র্রকাশ করেছে। সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের এই বড় তারকাদের স্বজনপোষণকেই দায়ী করছেন অনেকে। সেই রাগ এবং ক্ষোভেই কুশপুত্তলিকা পোড়ানো হলো।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহরের ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্মস, টি সিরিজ, একতা কাপুরের বালাজি, সালমান খান প্রোডাকশন এবং নাদিয়াদওলা প্রযোজনা সংস্থার দিকে আঙুল তোলেন কমল আর খান। সুশান্তের মৃত্যুর পর তিনি একটি টুইট করেন। সেখান তিনি অভিযোগ করেন, বলিউডের এই ৬টি প্রযোজনা সংস্থার হাতে গোটা বলিউড। এই ৬টি সংস্থা যদি কাউকে পছন্দ না করে তাহলে খুব সহজে যে কারোরই ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে বলেও মন্তব্য করেন কমল আর খান। পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ আরেক দফা এগিয়ে। সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে সরাসরি বলছেন অভিনব কাশ্যপ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মুখ খুলতে গিয়ে বলিউডের খান পরিবারের বিরুদ্ধে কার্যত বিষোদগার করেন অভিনব কাশ্যপ। তিনি বলেন, দাবাং-এর সাফল্যের পর অর্থাৎ বছর দুয়েক আগে দাবাং পার্ট টু তৈরিতে হাত দেন। ওই সময় সালমান খানের দুই ভাই আরবাজ খান এবং সোহেল খান তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য উঠেপড়ে লাগেন বলে অভিযোগ করেন অভিনব। শুধু তাই নয়, অভিনব তাদের কথামতো না চললে তাকে খুন করা হবে এবং পরিবারের মহিলা সদস্যদের ধর্ষণ করা হবে বলেও নাকি হুমকি দেওয়া হয় অনুরাগ কাশ্যপের ভাইকে। এসব তিনি টুইটারে লিখেছেন স্পষ্টভাবে।

অন্যদিকে প্রকাশ্যে বুলিং থেকে শুরু করে মানুষকে সুযোগ করে না দেওয়া, একাধিক বিষয় নিয়ে সালমান খানকে বয়কটের ডাকও দিয়েছেন। সুশান্তকে বয়কট করা হয়েছিল, দাবি করে তারা বলছেন সালমান খানের সহযোগিতায় যেমন একাধিক তারকা বলিউডে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনই তার মদদে অনেকে বলিউডকে বিদায় জানিয়েছেন। অবশ্য সালমানের ভক্তরাও বসে নেই। তাদের মতে, সালমান ও সুশান্ত ভালো বন্ধু ছিলেন, তাই সালমানকে টার্গেট করা বন্ধ হোক।