‘কৃষ্ণাঙ্গদের কাছে শ্বেতাঙ্গদের ক্ষমা চাওয়া উচিত’

যুগ যুগ ধরে কৃষ্ণাঙ্গ জনসাধারণের ওপর জুলুম নির্যাতন চালানোর জন্য শ্বেতাঙ্গদের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

করোনা সংকট পরবর্তী ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার নিজেদের ফেরার ম্যাচে আর্সেনালকে ৩-০ গোলে হারানোর পর চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন স্প্যানিশ এই কোচ।

ইতিহাদ স্টেডিয়ামে সিটি-আর্সেনালের ম্যাচ শুরু হওয়ার আগে করোনায় মৃত্যুবরণ করা সবার উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর হাঁটু গেড়ে বসে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ এ সমর্থন জানায় খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালরা।

অ্যাস্টনভিলা ও শেফিল্ড ইউনাইটেড মধ্যকার দিনের প্রথম ম্যাচেও বর্ণবাদ বিরোধী আন্দোলনে সমর্থন জানায় উভয় দলের খেলোয়াড়রা। খেলোয়াড়দের জার্সির পেছনে নামের পরিবর্তে লেখা ছিল ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে শ্বেতাঙ্গ এক পুলিশ অফিসার জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ এক যুবককে হাতকড়া পরা অবস্থায় গলায় হাঁটু চাপা দিয়ে দম বন্ধ করে হত্যা করে। নারকীয় এই হত্যাকাণ্ডের পর থেকেই যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলন, যা সময়ের সঙ্গে গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও।

কৃষ্ণাঙ্গদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানালেন সিটির কোচ গার্দিওলো। কৃষ্ণাঙ্গদের সম অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই আরও অনেক কিছু করতে হবে বলে মনে করেন তিনি।

“গত ৪০০ বছর ধরে কৃষ্ণাঙ্গদের ওপর যে আচরণ দেখিয়ে এসেছে সে জন্য শ্বেতাঙ্গদের ক্ষমা চাওয়া উচিত।”

“শুধু আমেরিকা না, বিশ্ব জুড়ে আমরা কৃষ্ণাঙ্গ জনসাধারণের ওপর আমাদের কর্মকাণ্ডের জন্য আমার লজ্জাবোধ হয়। সমস্যা সবখানেই আছে।”

“কৃষ্ণাঙ্গ জনসাধারণের জন্য আমাদের লাখ লাখ বার্তা দেওয়া দরকার। শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ওপর যা করেছে সে জন্য আমি বিব্রত ও লজ্জিত।”