২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের গ্রুপ পর্বে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে চার ম্যাচ। যেখান থেকে জামাল ভূঁইয়াদের অর্জন মাত্র ১ পয়েন্ট। তবে বাকি থাকা চার ম্যাচ থেকে পয়েন্ট আদায় করে নিতে চান জামালদের ইংলিশ কোচ জেমি ডে।
বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ইংল্যান্ড থেকে জেমি ডে বলেন, ‘সামনে আমাদের চারটা ম্যাচ আছে। এর মধ্যে তিনটি আমরা খেলবে হোমে। এখান থেকে কিছু পয়েন্ট পেতে চাই। যদিও কাজটা সহজ নয়।’
করোনাভাইরাসের কারণে মার্চ থেকে ফিফার সব প্রতিযোগিতা স্থগিত রয়েছে। তবে এরই মধ্যে ফুটবল ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করেছে। স্থগিত থাকা বিশ্বকাপ বাছাইয়ের খেলা অক্টোবর থেকে ফের শুরু করতে চায় ফিফা। এরই মধ্যে এশিয়া অঞ্চলের ম্যাচগুলোর প্রাথমিক সূচিও জানিয়ে দিয়েছে এএফসি।
সূচি অনুযায়ী ৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। জামালদের পরের ম্যাচ কাতারের মাটিতে ১৩ অক্টোবর। ঘরের মাঠে ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে খেলবে জামালরা।
জেমি বলছেন, ‘আফগানিস্তান ও ভারত দুটিই কঠিন প্রতিপক্ষ। কিন্তু তাদের বিপক্ষে পয়েন্ট পাব না, এই মানসিকতা নিয়ে মাঠে নামা যাবে না। সর্বোচ্চ চেষ্টা করব যেন ওদের বিপক্ষে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারি।’
তবে করোনার কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোও দর্শকশূন্য ভাবেই আয়োজিত হবে। চাকি থাকা চার ম্যাচের তিনটিই বাংলাদেশ খেলবে হোমে। কিন্তু দর্শক উপস্থিতি থাকবে না বলে হতাশ জেমি ডে।
বাফুফে এরই মধ্যে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই সামনে রেখে আগস্টের শেষ দিকে ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে।