আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নির্বাসিত হতে হয়েছিল ভারতীয় ফাস্ট বোলার এস শ্রীশান্থকে। সাত বছরের সেই নিষেধাজ্ঞা কাটিয়ে রঞ্জি খেলার সুযোগ পেতে যাচ্ছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী তারকা। আসছে মৌসুমে ৩৭ বছর বয়সী ফাস্ট বোলারকে কেরালা দলের হয়ে রঞ্জিতে দেখা যেতে পারে।
২০১৩ সালের আইপিএলের স্পট ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হন শ্রীশান্ত। তাকে গ্রেফতার করা হয়েছিল তখন। পরে শ্রীশান্থকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।
২০১৫ সালে স্পট ফিক্সিং মামলা থেকে অব্যাহতি পেলেও এই ফাস্ট বোলারের ওপর বোর্ডের নিষেধাজ্ঞা জারি থাকে। পরে এর বিরুদ্ধে ২০১৮ সালে কেরালা হাইকোর্টে আবেদন দাখিল করেছিলেন শ্রীশান্থ। আদালতের নির্দেশে বিশ্বজয়ী ফাস্ট বোলারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে সাত বছর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই হিসেবে আগামী সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা উঠছে তার।
এর অর্থ, এবার চাইলে ফের ক্রিকেটে ফিরতে পারবেন শ্রীশান্ত। তাই আগেভাগে রঞ্জি ট্রফি খেলতে চেয়ে কেরালা ক্রিকেট সংস্থার কাছে আবেদন করেছিলেন তিনি। কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে ইতিবাচক জবাবই পেয়েছেন শ্রীশান্থ।
আগামী মৌসুমের জন্য ঘোষিত কেরালার রঞ্জি দলে তাকে নেওয়া হবে বলে আভাস দেওয়া হয়েছে। অবশ্য ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েই দলে ফিরতে হবে শ্রীশান্থকে।
আর এই খবরে আবেগতাড়িত শ্রীশান্ত, ‘আমাকে সুযোগ দেওয়ার জন্য চিরকাল ঋণী থাকব কেসিএ’র কাছে। আমি নিজের ফিটনেস প্রমাণ করব এবং মাঠে আবার ঝড় তুলব। সময় এসেছে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে আসার।’
নির্বাসিত হওয়ার আগে ভারতের হয়ে ২৭ টেস্টে ৮৭ উইকেট নেন শ্রীশান্ত। ৫৩টি ওয়ানডে খেলে তার উইকেট সংখ্যা ৭৫। আর ১০ টি-টোয়েন্টিতে শ্রীশান্ত নিয়েছেন ৭ উইকেট।