সস্ত্রীক করোনায় আক্রান্ত রানা দাশগুপ্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এবং তার স্ত্রী গীতালি দাশগুপ্ত করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রানা দাশগুপ্ত নিজেই দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

গীতালি দাশগুপ্ত একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। বর্তমানে চট্টগ্রামে অবস্থান করা রানা দাশগুপ্ত বলেন, করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গত মঙ্গলবার বাসা থেকে দুজনের নমুনা নিয়ে যাওয়ার পরদিন বুধবার রাত ১২টার দিকে তাদের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়।

রানা দাশগুপ্ত বলেন, ‘এখন হাসপাতালেই চিকিৎসা নিচ্ছি। শরীর কিছুটা দুর্বল। আরও কিছু শারীরিক পরীক্ষা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য যেকোনো সময় ঢাকায় আসার চেষ্টা করছি।’