পাবনা জেলা ছাত্রলীগের (জাসদ) সাবেক সাধারণ সম্পাদক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মাদারীপুরে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালকিনি পৌরসভার মেয়র।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যুবরণ করেন পাবনা জেলা ছাত্রলীগের (জাসদ) সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ (৬২)। বাংলাদেশ জাসদ পাবনা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রাঙা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুর রশিদ বেসরকারি সংস্থা ‘রিক’-এর কর্মকর্তা হিসেবে করোনার সময় দেশের বিভিন্ন জায়গায় কাজ করেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে স্বাস্থ্যবিধি অনুযায়ী পাবনায় দাফন করা হবে বলে জানা গেছে।
আবদুর রশিদ পাবনায় সংস্কৃতিকর্মী হিসেবেও পরিচিত ছিলেন। তিনি পাবনা আবৃত্তি সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
অপরদিকে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার রাতে তার করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন। তিনি ১১ জুন করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। এছাড়া মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদার (৪০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ।