অকল্যান্ডে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি গাড়ি থামানোর পর এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক কর্মকর্তা। ঘটনার পরই গাড়িতে করে পালিয়েছে হামলাকারী। বিবিসি জানাচ্ছে, শুক্রবার পশ্চিম অকল্যান্ডে পুলিশের ওপর হামলার পর ম্যাসে এলাকা ঘিরে ফেলা হয়েছে। স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের ওপর হামলার পর পালানোর সময় হামলাকারীর গাড়ির আঘাতে এক পথচারী সামান্য আহত হয়েছে। হামলার প্রায় চার ঘণ্টা পর সশস্ত্র পুলিশ সদস্যরা একটি বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের মধ্যে হামলাকারী রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
নিউজিল্যান্ডের পুলিশ সাধারণত সঙ্গে অস্ত্র বহন করে না। তারপরও দায়িত্বরত অবস্থায় দেশটিতে কর্মকর্তা হত্যার ঘটনা বিরল। ২০০৯ সালের মে মাসে দায়িত্বরত অবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়।