নেদারল্যান্ডসে গান্ধীর মূর্তি ভাঙচুর

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছে। একই সঙ্গে মূর্তিটিতে লাল রং করে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে বর্ণবাদী আন্দোলনকারীরা জড়িত কি-না সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশি তদন্ত শুরু হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতেও জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছিল। আমস্টারডামের ঘটনাতেও বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের হাত রয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন জায়গায় চলমান রয়েছে বিক্ষোভ। কয়েক দিন ধরে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম ছাড়াও দেশটির বিভিন্ন স্থানে জোরালো বিক্ষোভ হয়েছে। এর মধ্যেই আমস্টারডামের চার্চিলান এলাকায় থাকা মহাত্মা গান্ধীর মূর্তিতে একদল বিক্ষোভকারী ভাঙচুর চালায়।

গত বুধবার ভাঙচুরের শিকার হওয়া মূর্তিটি দেখার পর ৭৫ বছরের এক বৃদ্ধ বিষয়টি  স্থানীয়  কর্র্তৃপক্ষকে জানান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে মূর্তি কাপড় দিয়ে ঘিরে দেয় তারা। পরে মূর্তিটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা সংস্থাকে খবর দেওয়া হয়। এরই মধ্যে মূর্তিটি পরিষ্কার করে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার কাজও শুরু হয়েছে।