না.গঞ্জে ডিএনডির জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু

গত কয়েক দিনের টানা বর্ষণে নারায়ণগঞ্জের ডিএনডির অভ্যন্তরের নিম্নাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতিটি ১৯৪ কিউসেক ক্ষমতাসম্পন্ন দুটি পাম্প চালু করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পুরাতন পাম্প হাউজের পাশে নতুন পাম্প হাউজে বিকল্প ব্যবস্থায় পাম্প দুটি চালুর সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ডিএনডি পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় ফেজ) প্রকল্পের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মাশফিকুল আলম ভূঁইয়া। এ পাম্প চালুর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জলাবদ্ধতা কমে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে কাজ দ্রুত শুরু হবে বলে জানান।

প্রকল্পের এক কর্মকর্তা জানায়, চলতি জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ব্যয় বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত ৭০০ কোটি টাকা অর্থ বরাদ্দ ও এক বছরের সময় চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে যা অনুমোদনের জন্য একনেকে রয়েছে।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান জানান, নতুন করে বৃষ্টি না হলে এ পাম্প চালুর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই পানি দ্রুত নেমে যাবে।