টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট আসতে সময় লাগছে সাত দিন। এরই মধ্যে লাফিয়ে লাফিয়ে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এক সপ্তাহের মধ্যে অর্ধশতাধিকসহ এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১।
গতকাল শুক্রবার মির্জাপুরে করোনাভাইরাসে পজেটিভ রিপোর্ট আসে সর্বোচ্চ ১৫ জনের। এই ১৫ জনের নমুনা স্থানীয় স্বাস্থ্য বিভাগ সংগ্রহ করে ১১ জুন। সংগৃহীত নমুনা ঢাকায় পাঠানো হয় ১২ জুন।
মির্জাপুরে সন্দেহভাজনরা নমুনা দেওয়ার পর স্বাস্থ্যবিধি না মেনে এবং পরিবারের অন্যদের সঙ্গে স্বাভাবিক জীবন যাপন করছেন। এ অবস্থায় সংক্রমিত হয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে।
মির্জাপুর পৌরসভার গাড়িচালক তানভীর হোসেন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে স্বাভাবিক চলাফেরা করেন। পরে তার করোনা পজিটিভ হয়। এরপর সপ্তাহখানেকের মধ্যে তার স্ত্রী এবং মেয়ে করোনায় আক্রান্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, মির্জাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে অনেক কারণের মধ্যে নমুনা দেওয়া ব্যক্তিরা স্বাস্থ্যবিধি না মেনে স্বাভাবিক চলাফেরা করা।