কিশোরগঞ্জের ভৈরবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রির অপরাধে প্রেমা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা এই জরিমানা করেন।
লুবনা ফারজানা বলেন, এই দুঃসময়ে নিজেদের অধিক মুনাফার জন্য যারা এমন অপরাধের সঙ্গে জড়িত থাকবেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আইন অনুযায়ী দেওয়া হবে আর্থিকসহ নানা শাস্তি।
এর আগে রাত ৮টার দিকে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র্যাবের একটি টিম ভৈরব বাসস্ট্যান্ডসংলগ্ন ভাই ভাই ফিলিং স্টেশন এলাকার প্রেমা এন্টারপ্রাইজে অভিযান চালায়। অভিযানে প্রেমা এন্টারপ্রাইজের মালিক শহরের কমলপুর এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।