বিদ্যুৎস্পৃষ্টে বিজিবি সদস্যের মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ রানা জলিল (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর উজানপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জলিল উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর উজানপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে। তিনি কুষ্টিয়া জেলায় কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, এক সপ্তাহ আগে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন জলিল। শুক্রবার বিকেলে তিনি বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান বলেন, বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজিবির এক সদস্য মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।