সুনামগঞ্জে টয়লেট বানানো নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমিজমা নিয়ে টয়লেট নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সৎ ভাইয়ের হাতে যুবক খুন হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দুলাল মিয়া (৩০)। তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলাল মিয়ার সৎভাই রাসেল মিয়াকে (২৬) আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুলাল মিয়া ও রাসেল মিয়া সম্পর্কে সৎ ভাই। দুলাল মিয়ার মা বেঁচে নেই। রাসেল মিয়ার মা আছেন। দুই ভাই আলাদা ঘরে বসবাস করেন। শুক্রবার দুলাল মিয়ার ঘরের পাশে রাসেল মিয়া একটি টয়লেট নির্মাণ করতে চাইলে দুলাল মিয়া বাধা দেন।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শনিবার সকাল ১১টার দিকে গ্রামে পাশে জমিতে একা পেয়ে রাসেল মিয়া দা দিয়ে দুলাল মিয়াকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই দুলাল মারা যান।

এ সময় স্থানীয় লোকজন রাসেল মিয়াকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং রাসেল মিয়াকে থানায় নিয়ে আসে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। পুলিশ রাসেল মিয়াকে আটক করেছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।