শিস কন্যা অবন্তির সঙ্গে মুহিনের গান

দীর্ঘদিন পর আবারও গানে কণ্ঠ দিলেন শিস কন্যা খ্যাত অবন্তী দেব সিঁথি। তার সঙ্গে যৌথভাবে গেয়েছেন  আরেক কণ্ঠশিল্পী মুহিন খান। এটাই তাদের একসঙ্গে প্রথম গান। জানিয়েছেন এর সুরকার ও প্রযোজক অনুরূপ আইচ।

‘তুমি কাছে এসে’ শিরোনামের রোমান্টিক দ্বৈত গানটি লিখেছেন রাজুব ভৌমিক আর সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। জুলাইয়ের শেষদিকে গানটি প্রকাশ পাবে আইচ সং-এর ব্যানারে।

মুহিন বলেন, ‘এটা আমাদের প্রথম দ্বৈত গান। ভালো একটা কাজ হয়েছে। লেখা, সুর ও সংগীত পরিচালনায় সুন্দর সমন্বয় হয়েছে। আমারও চেষ্টা করেছি, মনের মাধুরী মিশিয়ে গাইতে।’

অন্যদিকে অবন্তী সিঁথি বলেন, ‘মুহিন আমার প্রিয় শিল্পীদের একজন। তার সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ করে দেয়ায় অনুরূপ আইচ দাদাকে অনেক ধন্যবাদ জানাই।’