নারায়ণগঞ্জের রূপগঞ্জে টিআর-কাবিটা প্রকল্পের দুর্নীতির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
শনিবার দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন জনপ্রতিনিধিরা।
এর আগে, গত ১৮ জুন জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধিরা অভিযোগ করে বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক টিআর-কাবিটা প্রকল্প নিয়ে ব্যাপক দুর্নীতি করে আসছিল। টিআর-কাবিটার বিভিন্ন প্রকল্পের বরাদ্দের টাকা থেকে ১০-২০ শতাংশ টাকা পিআইও অফিস থেকে কেটে নেওয়া হয়েছে। আমরা জনপ্রতিনিধিরা টাকা কেটে নেওয়ার সময় প্রশ্ন করলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক বলেন এই টাকা দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করতে হবে।
এই দুর্নীতির প্রতিবাদে আমরা গত ১৮ জুন বৃহস্পতিবার মানবববন্ধন ও বিক্ষোভ মিছিল করি। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হককে ইনস্ট্যান্ট রিলিজ করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে বদলি করা হয়। এ অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুঁজে বের করে ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার স্যারের কাছে দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যাসন শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদেীসী আলম নীলা, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসীর আক্তার, সাধার সম্পাদক সেলিনা আক্তার রিতা, সরকারি মুড়াপাড়া কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন, ইউপি সদস্য রেহেনা আক্তারসহ আরো অনেকে।
তবে, বদলি হওয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক দেশ রূপান্তরকে বলেন, আমি এ ধরনের কোনো বক্তব্য দেইনি। আর আমি নিয়মের মধ্যে থেকেই সব কার্যক্রম করেছি। যার সব ধরনের প্রমাণাদি রয়েছে।