বগুড়ায় করোনা উপসর্গে প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক সহকারি পরিচালক (এডি) মজিবুর রহমান (৫৮) মারা গেছেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া। তিনি মহাস্থানগড়ে প্রত্নতত্ত্ব অধিদফতরের কোয়ার্টারে বসবাস করতেন।
শনিবার রাত ৮ টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ইউনিটে মারা যান তিনি।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন জানান, মজিবুর রহমান টিএমএসএস হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি উচ্চ রক্তচাপ ও অ্যাজমা রোগে ভুগছিলেন।পাশাপাশি তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। শনিবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
অপরদিকে শনিবার দুপুরে শহরের খান্দার এলাকার এক নারী করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে একজন কৃষক ও একজন আইনজীবি সহকারি মারা গেছেন।