‘প্রেমে ব্যর্থ হয়ে’ চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

পিরোজপুরের ইন্দুরকানীতে `প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে’ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইমন হাওলাদার (২০) নামের এক যুবক। শনিবার সন্ধ্যায় উপজেলার গাবছিয়ায় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইউনুস আলী হাওলাদারের বাড়ির খাবার ঘর থেকে ইমনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার গাবগাছিয়া গ্রামের ইউনুছ ঘড়ামির নাতি এবং পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামের  রফিকুল ইসলামের মেজ ছেলে।

স্থানীয়রা জানায়, ইমন বেশ কিছুদিন ধরে নানা বাড়িতে অবস্থান করছিলেন। এখানে থাকার সুবাদে এখানকার এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে তার নানি জানান। কিন্তু নানা বাড়ির কেউ ওই প্রেমের সম্পর্কে রাজি ছিলেন না।

তবে মারা যাওয়ার আগে নিজ হাতে একটি চিরকুট লিখে যান ইমন। যাতে লেখা ছিল ‘আমি মারা গেলে কেউ কোনো দায়ী না। আমি যাকে ভালোবাসি তাকে আমি পাই নাই। আমার জীবনের কোনো দাম নাই। সবার কাছে আমি ক্ষমা চাইলাম’।

প্রেমে ব্যর্থ হয়ে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয়দের।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইমন। দুই ভাই ও তিন বোনের মধ্যে ইমন মেজ। ইমন খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতেন।

এ ব্যাপারে ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হাবিবুর রহমান জানান, ইমন নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।