পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১১টি মাদক মামলার আসামি ছোবাহান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে বলে পুলিশের দাবি।

শনিবার দিবাগত রাতে পাড় করমজা কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

ছোবাহান সাঁথিয়া উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারে মাদকের একটি বড় চালান পাড় করমজা থেকে পাচার হবে।

এমন সংবাদে ওসি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে বের হলে উপজেলার পাড় করমজা কবরস্থান এলাকায় পৌঁছামাত্র তাদের উপর কতিপয় মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। এ সময় উভয়পক্ষের বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে ছোবাহানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাতেই বেড়া হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশের দুই কনস্টেল আহত হয়। ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম হেরোইন, একটি ওয়ানস্যুটার গান, এক রাউন্ড গুলি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকের ১১টি মামলা রয়েছে বলে জানা গেছে।