এক ঝলকে

মাসুম আজিজ অসুস্থ

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজ। জ¦র ও শ্বাসকষ্টের লক্ষণ থাকায় হাসপাতালে ভর্তির আগেই তার করোনা পরীক্ষা করা হয়। গতকাল হাতে আসা করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, ‘শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মাসুম আজিজ। পরে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। রবিবার সন্ধ্যার মধ্যেই মাসুম আজিজকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে। হাসপাতালে যেহেতু করোনা রোগী রয়েছে, তাই চিকিৎসকেরা তাকে বাসাতেই আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।’ বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন গুণী এই শিল্পী। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। পাশাপাশি বাধক্যজনিত রোগে ভুগছেন এই শিল্পী।

মাসুম আজিজ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে মঞ্চে খ্যাতি কুড়িয়েছেন। তবে তারকা খ্যাতি পেয়েছেন টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে। হুমায়ূন আহমেদের পরিচালনায় একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় কিছুদিন আগেই মঞ্চে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’।

সুশান্তের পরিবারের পাশে সালমান

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে ঘিরে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। এরই মধ্যে বিষয়টি আদালতে গড়ানোর পাশাপাশি তৈরি হচ্ছে নিত্যনতুন দৃশ্যপট। বলিউড তারকা সালমান খানের দিকে সন্দেহের তীর নিক্ষেপ করেছেন পরিচালক অভিনব কাশ্যপ। এরপর থেকেই সালমানের কুশপুত্তলিকা দাহ থেকে শুরু করে বিহারে তার বিয়িং হিউম্যান শপের সামনে ও মুম্বাইয়ে বাড়ির সামনে বিদ্রোহ করে সুশান্তভক্তরা। এই পরিস্থিতিতে নিজের অনুরাগীদের সুশান্তের পরিবার ও ভক্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সালমান খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমার অনুরাগীদের সুশান্তের ভক্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করছি। ভাষা ও ঘোড়দৌড়ের দিকে তাকানোর দরকার নেই বরং এর নেপথ্যে থাকা আবেগের প্রতি লক্ষ করুন। দয়া করে তার পরিবার ও ভক্তদের সমর্থন করুন ও পাশে দাঁড়ান, কেননা প্রিয়জনকে হারানো ভীষণ যন্ত্রণাদায়ক।’ সুশান্তের মৃত্যুর পর এর সুষ্ঠু বিচার চেয়ে সালমানসহ তারকাদের সন্তানদের বয়কটের আহ্বান জানানোর পাশাপাশি বলিউডকে বয়কটের আহ্বানও জানানো হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা হ্যাশট্যাগে। সালমানের ভক্তরাও অবশ্য বসে থাকেননি। তারাও সালমানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগের মাধ্যমে অবস্থান নেন। সুশান্ত আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। তদন্তও চালিয়ে যাচ্ছে তারা। তবে অনেকেই বলছেন, বহিরাগত হওয়ায় সুশান্ত বঞ্চিত ছিলেন বলিউডে। তা থেকেই বিষন্নতায় ভুগতে থাকেন সুশান্ত। যার পরিণতি আত্মহনন।

মা হচ্ছেন প্রীতি জিনতা!

শিগগিরই নাকি অনুরাগীদের সুখবর দিতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। গুঞ্জন চলছে, প্রীতি মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন খবর প্রকাশ্যে আসার পর বেশ খুশি নায়িকার ভক্তরা। মা হওয়ার পরে আবার বলিউডে ফেরারও ইঙ্গিত দিয়েছেন প্রীতি। তবে পেশাগত জীবনের সেকেন্ড ইনিংস শুরু করলেও সে সময় সম্ভবত পরিচালক বা প্রযোজকের ভূমিকাতেই দেখা যাবে ‘বীর জারা’ অভিনেত্রীকে। গত শুক্রবার বলিউডের আরেক অভিনেত্রী আনুশকা শর্মার বেবি বাম্পের একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে নায়িকার স্বামী বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলিও ছিলেন। এর পরই গুঞ্জন ওঠে, মা হতে চলেছেন আনুশকা। কিন্তু ছবিটি ভুয়া বলে প্রমাণিত হয়। দেখা যায়, আরেক তারকা জুটি রিতেশ দেশমুখ ও  জেনোলিয়ার ছবিতে আনুশকা ও কোহলির মুখ বসিয়ে দেওয়া হয়েছে।

একই শহরে ব্র্যাড আর মেগান

ব্রিটিশ রাজপরিবারে বিয়ের পর থেকেই মেগান মার্কেলকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার সামনে এলো এক চমকপ্রদ খবর। জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিচ্ছেদের পর ব্র্যাড পিটকে বিয়ে করতে চেয়েছিলেন মেগান। তখন অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে প্রেম করছিলেন ব্র্যাড পিট। ব্র্যাড পিটের প্রতি মেগানের ভালো লাগার বিষয়টি এতদিন পরে খবরে উঠে আসার পেছনে একটি কারণ আছে। লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা হচ্ছেন মেগান। ব্র্যাড পিটও থাকেন সেখানেই। তাই এই সুযোগ কাজে লাগাতে ব্র্যাড পিটের সঙ্গে  দেখা করতে চাইছেন মেগান। আবারও হলিউডে পুরোদমে কাজ শুরুর ইচ্ছা মেগানের। ব্র্যাড পিটের সঙ্গে অভিনয় করার সুযোগ খুঁজছেন তিনি। লস অ্যাঞ্জেলেসে ৮ মিলিয়ন ইউরো ভাড়ার এক ম্যানশনে নতুন সংসার শুরু করতে যাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। এক বছরের শিশুসন্তান আর্চির কথা ভেবে মেগান তার মাকেও সঙ্গে রাখছেন। কারণ, তিনি হলিউডে ব্যস্ত হতে চান।