গ্রাহকের অজান্তেই ফোনে ‘করোনা ট্রেসিং’ টুল!

ডাউনলোড না করলেও অ্যান্ড্রয়েড এবং আইফোনের অপারেটিং সিস্টেমে ‘করোনাভাইরাস ট্রেসিং সফটওয়্যার টুল’ আপডেট পাচ্ছেন ব্রিটেনের ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে দেশটিতে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। দেশটির স্মার্টফোন ব্যবহারকারীদের অভিযোগ, এভাবে অনুমতি ছাড়া সরাসরি অপারেটিং সিস্টেমে কোনো ‘অ্যাপ’ ডাউনলোড করা মানে প্রাইভেসি নষ্ট করার কৌশল। ব্রিটিশ সরকার আবার এই টুলটিকে অ্যাপ বলতে নারাজ। তারা বলছেন, এটি ট্রেসিং অ্যাপ নয়। অন্য অ্যাপ ডাউনলোড করতে এটি ভূমিকা রাখবে।

টুলটি চালু থাকলে অন্য ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করবে। সেই ব্যবহারকারী করোনা পজিটিভ হলে সরকারিভাবে তার তথ্য অপারেটিং সিস্টেমে আপডেট করা থাকবে। যার কারণে অন্যরা তার থেকে দূরে থাকার নোটিফিকেশন পাবেন। গুগল-অ্যাপল মাস দুই আগে এভাবে অপারেটিং সিস্টেমে অ্যাপ জুড়ে দেওয়ার পরিকল্পনা করে সরে আসে। সমালোচনা শুরু হলে তারা শুধু বিভিন্ন দেশের সরকারের জন্য অ্যাপ তৈরি শুরু করে। গুগল ও অ্যাপল ওই সময় জানায়, কোনো ব্যক্তি করোনা পজিটিভ হলে তার ডেটা সরকারি অ্যাপে যুক্ত করার পর অন্য কেউ তার কাছে আসলে নোটিফিকেশন যাবে। এভাবে ১৪ দিন ওই ব্যক্তির তথ্য অ্যাপে থাকবে। সরকারি সংস্থা চাইলে সময় বাড়াতেও পারবে।