মির্জাপুরে সাংবাদিক-ইউপি সদস্যসহ ১১ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে এক সাংবাদিক, ইউপি সদস্য ও শ্রমিক লীগ নেতাসহ ১১ জনের শরীরে করোনভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৫ জনে।

সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তরা হলেন- উপজেলার পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা দৈনিক যুগান্তরের মির্জাপুর প্রতিনিধি ও তার স্ত্রী, এক নারী (৫০) ও তার জামাতা (৩৪), একজন পুরুষ (৩০), সদরের ইউনিয়নপাড়ার বাসিন্দা এক বৃদ্ধ (৬০), কলেজ রোডের একজন পুরুষ (৫০), গোড়াই নাজিরপাড়ার বাসিন্দা জেলা শ্রমিক লীগ সভাপতি (৭১), একই এলাকার এক শিশু (১১), গোড়াই ইউপির এক নম্বর ওয়ার্ড সদস্য (৪০) ও গোড়াই সোহাগপুরের এক নারী (২৩)।

মির্জাপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১২৫ জন। এর মধ্যে তিনজন মারা গেছেন, ৩১ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্তদের বাড়ি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।