হোয়াটসঅ্যাপে যেভাবে ৫০ জনের গ্রুপ কল করবেন

করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে গ্রুপ কলের জনপ্রিয়তা বাড়ে। হোম অফিসের কারণে গ্রুপ চ্যাট ভিত্তিক অ্যাপগুলোতেও শুরু হয়ে যায় প্রতিযোগিতা।

ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপও সেই সুবিধা নিয়ে এসেছে। অ্যাপটির মাধ্যমে একসঙ্গে ৫০ জনকে নিয়ে গ্রুপ ভিডিও কল করা যাবে।

জি নিউজ জানায়, এখন থেকে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার রুমের সাহায্যেই একসঙ্গে ৫০ জনকে গ্রুপ ভিডিও কলে যুক্ত করা যাবে। তার জন্য ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের লেটেস্ট অপডেট থাকাটা অত্যন্ত জরুরি। 


এবার জেনে নেওয়া যাক কীভাবে এই ভিডিও কল করবেন-

১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন এবং কল অপশনটি বেছে নিন। তার পর ‘ক্রিয়েট এ রুম’ অপশনে ক্লিক করুন। এবার ‘কন্টিনিউ ইন মেসেঞ্জার’ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আপনাকে ম্যাসেঞ্জার অ্যাপে নিয়ে যাবে।


২. এবার ম্যাসেঞ্জার অ্যাপে ‘ট্রাই ইট ফর প্রমটেড’ অপশনে ক্লিক করতে হবে। তার পর ‘ক্রিয়েট এ রুম’ অপশনে ক্লিক করে রুমের একটি নাম দিতে হবে।

৩. এরপর ‘সেন্ড লিঙ্ক অন হোয়াটসঅ্যাপ’ অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই ফের হোয়াটসঅ্যাপ খুলে যাবে। এবার যাদের ভিডিও কলে  যুক্ত করতে চান, হোয়াটসঅ্যাপে তাদের লিঙ্ক পাঠিয়ে ভিডিও কল করতে পারবেন।

এবার জেনে নিই হোয়াটসঅ্যাপে রুমগুলোতে কীভাবে যুক্ত হওয়া যাবে:

১. হোয়াটসঅ্যাপে আসা রুমের লিঙ্কটিতে ক্লিক করুন।

২. এই লিঙ্কটি আপনাকে ম্যাসেঞ্জারে নিয়ে যাবে।

৩. এরপর গ্রুপ কলে যোগদান করতে আপনি একই সঙ্গে ৫০ জন ভিডিও বা অডিও কল করতে পারবেন।