এবার দাস ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিখ্যাত ফরাসী দার্শনিক ভলতেয়ারের ভাস্কর্যে রং ছুড়ে দিল বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা। ফ্রান্সের রাজধানী প্যারিসে এই ঘটনা ঘটে।
সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, প্যারিসে ভলতেয়ার এবং ফরাসি উপনিবেশের প্রশাসক হুবার্ট লিয়াটের দুইটি ভাস্কর্য বিক্ষোভকারীদের দ্বারা ক্ষতির শিকার হয়।
যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর অনুপ্রেরণায় উপনিবেশিক ব্যক্তিত্ব ও দাস ব্যবসার সঙ্গে জড়িতদের ভাস্কর্য অপসারণ করে তারা।
যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি বিখ্যাত ভাস্কর্য অপসারণ করা হয়েছে। আমেরিকা আবিষ্কারক কলম্বাসের ভাস্কর্য অপসারণ করে লেকে ছুড়ে ফেলে বিক্ষোভকারীরা।
ফ্রান্সেও এই আন্দোলনের ঢেউ উঠে। সেখানে বেশ কয়েকটি উপনিবেশিক ব্যক্তিত্বদের ভাস্কর্যের ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোনো ইতিহাসকে নতুন করে লেখার দাবি বর্ণবাদবিরোধীদের।
সর্বশেষ ভলতেয়ার এবং লিয়াটের ভাস্কর্যের ওপর হামলে পড়ে বিক্ষোভকারীরা। প্যারিসে ভাস্কর্য দুইটিতে লাল রং মেখে দেয় তারা।
বার্তা সংস্থা এপির ছবিতে দেখা যায়, লিয়াটের ভাস্কর্যটির নিচের স্তম্ভটি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভলতেয়ারের ভাস্কর্যটিতেই এমনভাবে রং ছুড়ে দেয়া হয়েছে, এতে পুরো শরীর লাল হয়ে গেছে।
জানা যায়, লিয়াটে ছিলেন ইন্দোচীন অঞ্চলে ফরাসী উপনিবেশের নামকরা ব্যক্তিত্ব। ওই এলাকায় ফরাসী বিরোধী একটি বিদ্রোহ দমন করেছিলেন তিনি। পরবর্তীতে তিনি মাদাগাস্কার এবং মরক্কোতে ফরাসী সরকারের হয়ে দায়িত্ব পালন করেন। মরক্কোর অনেক এলাকা নিয়ন্ত্রণ নিয়ে তার সঙ্গে জার্মান উপনিবেশের বিরোধ তৈরি হয়েছিল। পরে দ্বিতীয় যুদ্ধের সময় ফ্রান্সের মন্ত্রী হয়েছিলেন লিয়াটে।
এদিকে ভলতেয়ার দেশটির বিখ্যাত দার্শনিক ও লেখক হলেও তার বিরুদ্ধে অভিযোগ, একটি আধিপত্যবাদী কোম্পানিতে তার বিনিয়োগ ছিল। কোম্পানিটি দাস ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
কোম্পানি দে ইন্দেজ নামে প্রতিষ্ঠানটির জাহাজ দাস পরিবহন করত। পশ্চিম আফ্রিকা সেনেগাম্বিয়া থেকে লুজিয়ানায় দাস নিয়ে আসত কোম্পানিটির জাহাজ। বর্তমান সেনেগাল ও গাম্বিয়াকে ঘিরে আফ্রিকার কনফেডারেশ অঞ্চলটির অবস্থান ছিল।
এমনকি দাস পরিবহনকারী একটি জাহাজের নামও ছিল ভলতেয়ার। একজন বিনিয়োগকারী হিসেবে ভলতেয়ারের সম্মানে কোম্পানিটি তার নামে জাহাজটির নামকরণ করেছিল বলে জানা যায়।