সপ্তাহের ব্যাবধানে হিলিতে পেঁয়াজের দাম কমে ১৬ টাকায় দাঁড়িয়েছে

কুরবানির ঈদকে ঘিরে আমদানি বাড়িয়ে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি খানিকটা বেড়েছে। অপরদিকে দেশের বিভিন্ন স্থানে হোটেল-রেস্টুরেন্ট না খোলার কারনে চাহিদা কম থাকায় চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় পেঁয়াজের দাম কমেছে।

গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৩ টাকা থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৫/১৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিছু নিন্মমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ টাকা করে। একইভাবে খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমেছে। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও সময় কিছুটা বেশী লাগার কারনে পেঁয়াজের মান খানিকটা খারাপ হওয়ার কারনে পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকশানের মুখে পড়েছেন আমদানিকারকরা। 

হিলি স্থলবন্দর সুত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারনে দীর্ঘ ৭৫ দিন বন্ধের পর গত ৮ জুন থেকে বন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পেঁয়াজ আমদানি শুরু হয়। গত সপ্তাহে বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও আমদানি বাড়িয়ে দেওয়ার ফলে বন্দর দিয়ে বর্তমানে ৪০ থেকে ৪২ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে যা প্রকারভেদে বিক্রি হচ্ছে ভালোমানের ১৫/১৬ টাকা আর খারাপ মানেরটা ১১/১২ টাকা। বন্দর দিয়ে গত ৯ দিনে সাড়ে ৭ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে।

এদিকে হিলি বাজারে খুচরাতে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১২ টাকা থেকে ১৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা একসপ্তাহ আগে ২০ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি সাধারণ মানুষ।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল খান বলেন, করোনার কারনে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় সরবরাহ কম থাকার কারনে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। বর্তমানে আবারও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি শুরু হওয়ার কারনে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে। আমরা কম দামে কিনতে পারছি যার কারনে কম দামে বিক্রি করতে পারছি।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা আইয়ুব হোসেন ও সাদ্দাম হোসেন বলেন, করোনার কারনে দীর্ঘদিন বন্ধের পর বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দামের উপর প্রভাব পড়েছে। গতসপ্তাহে যে পেঁয়াজ ২৩/২৪ টাকা কেজি কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছিল বর্তমানে তা কমে ১৫/১৬ টাকা দরে কিনতেছি। কিছু পেঁয়াজ ১১/১২ টাকা কেজি দরে বেচাকেনা হচ্ছে। আমরাও কম দামে কিনতে পারছি যার কারনে মার্কেটেও কম দামে বিক্রি করতে পারছি।