এমএলএম কোম্পানির ক্ষতিকর ওষুধ বিক্রির অপরাধে জরিমানা

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) এর মাধ্যমে চট্টগ্রামে মানুষের সাথে প্রতারণা করে ক্ষতিকর ওষুধ বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। 

সোমবার নগরীর মুরাদপুর এলাকার আইকন টাওয়ারে এক্সিলেন্ড ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন ধরনের ওষুধ ও কসমেটিকস প্রতিষ্ঠানটি এমএলএমের মাধ্যমে বিক্রয় করে আসছে। যা মানব দেহের জন্য বিপদজনক। ওষুধগুলোর মধ্যে পাওয়ার সোর্স কিং, ভিটা পাওয়ার,ওমেগা ৩-৬-৯, হার্ট কেয়ার ও গ্যানো মরিং ফুড ক্যাপসুল ছিল। এসব ওষুধ যৌন উত্তেজক, শক্তিবর্ধক, হৃদরোগ সমস্যা সমাধান হয় বলে দাবি করে এমএলএম এর মাধ্যমে ব্যবসা করে আসছে। তাই তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন, এক্সিলেন্ড ওয়ার্ল্ডের ব্যবসার জন্য কোন লাইসেন্সও নেই। প্রতিষ্ঠানটিতে একজন কাস্টমারকে সদস্য হতে হলে ৭ হাজার টাকার মাধ্যমে ওষুধ কিনে সদস্য হতে হয়। এরপর ওই সদস্যের মাধ্যমে নতুন কেউ যোগ দিলে তাকে পাঁচশ টাকা কমিশন দেয়। অর্থাৎ সাইক্লিং পদ্ধতিতে এ ব্যবসা পরিচালনা করা হয়।

এদিকে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, ওষুধগুলির কোন রেজিষ্ট্রেশন নেই এবং এসব ওষুধের সরকারী কোন অনুমোদন নেই। এসব যৌন শক্তি বর্ধক জাতীয় ওষুধ প্রেসক্রিপশন করার কোন নিয়ম নেই। এসব ওষুধ সেবনে জনগণের স্বাস্থ্যের অনেক ক্ষতি করতে পারে। অভিযানে কোম্পানির বিপুল পরিমান ওষুধ ও কাগজপত্র জব্দ করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানান জেলা প্রশাসনের কর্মকর্তা।