১৩ মাসের বকেয়া দাবি

প্যারাডাইস কেব্ল শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের প্যারাডাইস কেব্ল লিমিটেডের শ্রমিকরা ১৩ মাসের বকেয়া মজুরির দাবিতে গত রবিবার থেকে শ্রমভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি দিতে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাদের মিছিল রওনা হলে পুলিশ বাধা দেয়।

পরে জাতীয় প্রেস ক্লাবের অদূরে কদম ফোয়ারার কাছে সড়কে সমাবেশ করেন শ্রমিকরা। সমাবেশ থেকে চার সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

শ্রমিকদের অভিযোগ, প্যারাডাইজ কেব্ল ৩০ বছরের বেশি বৈদ্যুতিক তার উৎপাদন করছে। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও করছে। কিন্তু প্রায় এক বছর মালিকপক্ষ উৎপাদিত পণ্য বিক্রির অর্থ পুনঃবিনিয়োগ করছে না। এমনকি কারখানার অধীনে ৭০০ কোটি টাকার ব্যাংকঋণ নিয়ে লাভজনক অবস্থানে থাকলেও উৎপাদন স্থগিত রেখেছে। এসবের আড়ালে অর্থপাচার করছে। আর মালিকপক্ষ পরিকল্পিতভাবে ১৩ মাস শ্রমিকদের মজুরি বন্ধ রেখেছে। আগের তিন বছরের ওভারটাইম ভাতাও দেয়নি। এ অবস্থায় শ্রমিকরা মানবেতর জীবন কাটাচ্ছেন। গত ২১ এপ্রিল শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে করোনাকালে শ্রমিকদের দুই কিস্তিতে দুই মাসের বকেয়া পরিশোধে চুক্তি করলেও মালিকপক্ষ তা বাস্তবায়ন করেনি। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন বলে জানান শ্রমিকরা।

এ বিষয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার দেশ রূপান্তরকে বলেন, ‘শ্রম প্রতিমন্ত্রী, শ্রম দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা শ্রমিকের বকেয়া পরিশোধে দায়িত্ব নিয়েছিলেন। করোনার অজুহাতে মালিকপক্ষ পাওনাদি দিচ্ছে না। সরকারের সংশ্লিষ্টরাও দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত শ্রমভবনে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।’