একদিন আগেই পাকিস্তানের তিন ক্রিকেটারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলির পর এবার আরো ৭ ক্রিকেটার কভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন করে আক্রান্তরা হলেন- মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান, কাশিফ ভাট্টি ও মোহাম্মদ হাসনাইন।
সব মিলে ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা ২৯ ক্রিকেটারের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত হলেন। এ ছাড়া একজন সাপোর্ট স্টাফেরও ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছে পিসিবি। তিনি মালাঙ্গ আলি।
আগের দিন আক্রান্ত হওয়া তিন ক্রিকেটারের মতো নতুন আক্রান্ত সাত ক্রিকেটারের কারো মধ্যে করোনা উপসর্গ ছিল না। আক্রান্ত খেলোয়াড়রা সবাই নিজ বাড়িতে সেল্ফ আইসোলেশনে থাকবে বলে জানিয়েছে পিসিবি।
সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়- যাদের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে তারা বুধবার থেকে লাহোরে ‘জৈব সুরক্ষিত’ পরিবেশে অনুশীলন শুরু করবে। সেখানে অবশ্য তাদের আরেক দফা করোনা টেস্ট করা হবে। যাদের ফল নেগেটিভ আসবে তারা রবিবার বিশেষ বিমানে ম্যানচেস্টারের উদ্দেশে দেশ ছাড়বে।
ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তান দলের। সিরিজ শুরুর আগে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের।