শ্রীমঙ্গলে লজ্জাবতী বানরের কোল জুড়ে নতুন অতিথি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি লজ্জাবতী বানর বাচ্চা জন্ম দিয়েছে।

সোমবার সকালে ফাউন্ডেশনে থাকা লজ্জাবতী বানরটি বাচ্চা দেয়। জন্মের পর থেকে বাচ্চাটি মায়ের দুধ খাচ্ছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, মা লজ্জাবতী বানরটি অনেক বছর ধরে এখানে রয়েছে। এর আগে আরও তিনবার এটি বাচ্চা দিয়েছে। সব বাচ্চা আমরা অবমুক্ত করেছিলাম। এটিও প্রাপ্ত বয়স্ক হলে আমরা অবমুক্ত করে দেব। গত ছয় বছরে এবারের টা মিলে ৪টি বাচ্চা দিল প্রাণীটি। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটি ও মা সুস্থ রয়েছে।

তিনি জানান, আইইউসিএন এর লাল তালিকায় সংকটাপন্ন হিসেবে লজ্জাবতী বানরের অন্তর্ভুক্তি ঘটেছে।

জাবির প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মনিরুল এইচ খান জানান, লজ্জাবতী বানর নিশাচর প্রাণী। ইংরেজি নাম Slow loris এবং বৈজ্ঞানিক নাম Nzcticebus coucang। গহিন সবুজ বনের ভেতরে লম্বা গাছের মগডাল থেকে গাছের কচি পাতা, গাছের আঠা, কষ, ছোট ছোট পোকামাকড়, ছোট পাখি ও এবং বিভিন্ন প্রাণীদের ডিম এদের খাদ্যের তালিকায় রয়েছে।

এরা সাধারণ বছরে একবার একটি বাচ্চা দেয়।