ক্ষমা চাইলেন ডিজিটাল আইনে গ্রেপ্তার নবম শ্রেণির ছাত্রের বাবা-মা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার নবম শ্রেণির ছাত্রের বাবা-মা ক্ষমা চাইলেন।

মঙ্গলবার সাংবাদিকদের কাছে ছেলের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে তাকে মুক্তি দিতে অনুরোধ জানিয়েছেন তারা।

ফেইসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট দেয়ার কারণে শনিবার গ্রেপ্তার হয় ময়মনসিংহের ১৪ বছর বয়সী ওই কিশোর।

তার কৃষক বাবা বলেন, আমরা তার ভুলের জন্য ক্ষমাপ্রার্থী, তার বয়স বিবেচনা করে সরকারের কাছে তার মুক্তির আবেদন জানাই।

ময়মনসিংহের ভালুকা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেপ্তারের পর, তাকে গাজিপুরের কিশোর অপরাধী সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের পর ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বলে জানান তার বাবা। তার পক্ষ থেকে ক্ষমা চেয়ে কিশোরের মা বলেন, শুক্রবার ওই পোস্ট দেয়ার পরই নিজের ভুল বুঝতে পারে তার ছেলে। আরেকটি পোস্টে এর জন্য ক্ষমাও চেয়েছে সে। সরকারের কাছে বিষয়টি বিবেচনা করে তার সন্তানকে মুক্তি দেয়ার আহ্বান জানান তার মা।

মোবাইলের কল রেটের ওপর আয়কর বাড়ানোর পদক্ষেপের সমালোচনা করে, শুক্রবার ফেইসবুকে পোস্ট দেয় নবম শ্রেণির ওই ছাত্র।

স্ট্যাটাসটি ভাইরাল হলে, হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হানিফ মোহাম্মদ নিপুণ পরদিন ওই কিশোরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।