চাঁদপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

চাঁদপুরের ফরিদগঞ্জে সমিতির পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার ১১নং চরদুখিয়ার পশ্চিম আলোনিয়া (ইসলামগঞ্জ) বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লড়াইরচর গ্রামের বাসিন্দা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিনের সঙ্গে স্থানীয় তৈয়ব আলীর লেনদেনের মীমাংসা বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের সঙ্গে হাতাহাতি হয়। পরবর্তী সময় তৈয়ব আলীর ছেলে সাহাদাত হোসেন সাবেক মেম্বার দেলোয়ার হাওলাদারের ছেলে নাসিরের নেতৃত্বে ওইদিন রাতে বাবলু সাজি, দেলোয়ার পাটোয়ারী, মতিন রাজাসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বোরহানপক্ষের ও বাজারের অন্য ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে বোরহান উদ্দিনসহ ৭ জন আহত হন। আহতদের মধ্যে সামসুল আলম মিজি ও নুরুল ইসলাম মিজির অবস্থা গুরুতর হওয়ায় তাদের একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতাল ও অন্যজনকে ঢাকায় পাঠানো হয়।

ফরিদগঞ্জ থানার এসআই উনুমং মারমা বলেন, টাকা পাওয়াকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।