সাতক্ষীরা সদর উপজেলায় মা ও মেয়ের জোড়া লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, পারিবারিক কলহের জেরে মেয়ে ফাতেমা খাতুনকে (৭) বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন মা তাজমীরা খাতুন (২৮)। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাজমীরা খাতুন ওই গ্রামের মাটিকাটা শ্রমিক মনিরুল ইসলামের স্ত্রী।
ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, পারিবারিক বিষয় নিয়ে তাজমীরা খাতুনের সঙ্গে তার শাশুড়ি রাজিয়া খাতুনের ঝগড়া হয়। এর জেরে সোমবার বিকালে কাউকে কিছু না জানিয়ে দুই শিশুকন্যা ফাতেমা খাতুন ও মেহেরুন খাতুনকে (২) বিষের ট্যাবলেট খাইয়ে নিজেও ট্যাবলেট খান তাজমীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাজমীরা ও ফাতেমার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।