এনাম-পাপুলের এত সম্পদ!

মানব ও অর্থ পাচারে বড়লোক পাপুল

মানব পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) কাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের দেশ-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া হলফনামায় তিনি ৮৯ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৪৯২ টাকা মূল্যের সম্পদ দেখিয়েছেন। এছাড়া কুয়েতে তার অন্তত ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকার সম্পদের খোঁজ মিলেছে। তাছাড়া পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম নির্বাচনী হলফনামায় ৮২ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪৩২ টাকা মূল্যের সম্পদ দেখিয়েছেন। এছাড়া পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানের  নামে মোটা অঙ্কের অর্থবিত্ত ও স্থাবর সম্পদের আভাস মিলেছে। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেসমিনের সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, পাপুলের বার্ষিক আয় ৭৩ লাখ ৪১ হাজার ১৭৪ টাকা। এ অর্থ তার ব্যাংক আমানত থেকে আসে। এছাড়া তার ওপর নির্ভরশীলদের কৃষি খাত থেকে আয় ৬ লাখ টাকা ও ব্যাংক আমানত থেকে আয় ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮৩৬ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তার নামে নগদ টাকা ৩ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৩৬৩ টাকা রয়েছে। ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে পাপুলের জমা রয়েছে ৮ কোটি ৬২ লাখ ১৩ হাজার ৮২ টাকা। তার বন্ড-ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার রয়েছে ২২ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকার। এছাড়া পাপুলের ৩৫ ভরি স্বর্ণালঙ্কার (১৪ লাখ টাকা), ১ লাখ ৩০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ ১০ হাজার টাকার আসবাবপত্র ছিল নির্বাচনের সময়। সেলিনার ৪০ ভরি (১৬ লাখ টাকা) স্বর্ণালঙ্কার, দেড় লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ ৩০ হাজার টাকার আসবাবপত্রের তথ্য উল্লেখ রয়েছে হলফনামায়। অস্থাবর সম্পদের মধ্যে সেলিনা ইসলাম ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার প্রাডো ব্যবহার করলেও পাপুলের কোনো গাড়ি নেই।

হলফনামার তথ্য অনুসারে, স্থাবর সম্পদের মধ্যে পাঁচ কাঠা অকৃষি জমি রয়েছে পাপুলের নামে। তার স্ত্রী সেলিনার রয়েছে (অর্জনকালীন) ৯ কোটি ৫৪ লাখ ৩৯ হাজার ৩৬০ টাকা মূল্যের ২ হাজার ৬৩২ দশমিক ১৪ শতাংশ কৃষিজমি। তার অর্জনকালীন ১ কোটি ৫৯ লাখ ৭৪ হাজার ২৯০ টাকা মূল্যের আরও ২৫ দশমিক ৫০ কাঠা অকৃষি জমি রয়েছে। পাপুলের মেয়ে ওয়াফার নামে স্থাবর সম্পদ রয়েছে (অর্জনকালীন) ১ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট।

পাপুলের স্ত্রীর হলফনামায় যত সম্পদ : একাদশ জাতীয় নির্বাচনের সময় সেলিনা ইসলামের বার্ষিক আয় ছিল ১ কোটি ৫১ লাখ ২৬ হাজার ৮৩৬ টাকা। কৃষি খাত থেকে তার আয় ৬ লাখ টাকা ও ব্যবসা থেকে আয় ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮৩৬ টাকা। তার ওপর নির্ভরশীলদের ব্যবসা থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ৭৩ লাখ ৪১ হাজার ১৭৪ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তার নগদ অর্থ ছিল ৪ কোটি ১৫ হাজার টাকা। এছাড়া আর্থিকপ্রতিষ্ঠানে তার নামে ২০ কোটি ১০ লাখ ২৫ হাজার ৩৩৪ টাকা এবং বন্ড-ঋণপত্র স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার তার নামে দেখানো হয় ১৬ কোটি ২০ লাখ টাকার।

কুয়েতে এমপি পাপুলের ১৩৮ কোটি টাকা জব্দ : অর্থ ও মানব পাচারের অভিযোগে পাপুল ও তার মারাফি কুয়েতিয়া কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। এর মধ্যে মারাফি কুয়েতিয়ার হিসাবে ৫ মিলিয়ন কুয়েতি দিনার বা বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা রয়েছে। ব্যাংক হিসাব জব্দের জন্য ইতিমধ্যে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকে সরকারি কৌঁসুলিরা আবেদন করেছেন বলে কুয়েতের পাবলিক প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।