অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো সীমান্ত দেয়াল গড়ে তোলার পক্ষে আবারও সাফাই গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই দেয়াল অ্যারিজোনায় করোনাভাইরাস সংক্রমণও থামিয়ে দিয়েছে!
মঙ্গলবার অ্যারিজোনায় সফরের সময় সীমান্তে দেয়াল নির্মাণের কিছুটা অংশও পরিদর্শন করেন ট্রাম্প। তার সরকারের এই উদ্যোগের প্রশংসা করে রিপাবলিকান এই রাজনীতিক বলেন এই দেয়াল অবৈধ অভিবাসন তো বটেই করোনা পর্যন্ত রুখে দিয়েছে।
“এই দেয়াল কভিড থামিয়ে দিয়েছে, সবকিছুই বন্ধ করে দিয়েছে।”
ট্রাম্পের এমন খেয়ালি দাবি অবশ্য অ্যারিজোনায় করোনাভাইরাস পরিস্থিতির সঙ্গে মিলছে না। মার্কিন প্রেসিডেন্টের সফরের দিনই অঙ্গরাজ্যটি থেকে রেকর্ড সংক্রমণের খবর এসেছে।
রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের তথ্যের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় অ্যারিজোনায় রেকর্ড ৩ হাজার ৫৯১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার আক্রান্ত ছিল ২ হাজার ১৩৬ জন, আর রবিবার আক্রান্ত ছিল ১ হাজার ৯৯২ জন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অঙ্গরাজ্য অ্যারিজোনায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ৩০০।
২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী ইশতেহারে অন্যতম বিষয় ছিল অবৈধ অভিবাসী সমস্যা সমাধানে দীর্ঘ মেক্সিকো সীমান্তে দেয়াল গড়ে তোলা। দেশ বিদেশে অনেক আপত্তি সত্ত্বেও দেয়াল নির্মাণকাজ এগিয়ে নিচ্ছে তার সরকার।
দেয়ালটির প্রশংসা করে ট্রাম্প বলেন, “আমাদের সীমান্ত কখনো এত নিরাপদ ছিল না। পৃথিবীর যেকোনো দেশের তুলনায় এটা সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত সীমান্ত প্রাচীর।”