মোংলায় প্রথম ৩ করোনা রোগী শনাক্ত

মোংলায় এই প্রথম তিনজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন ইউনিয়ন স্বাস্থ্যকর্মী ও একজন ইসলামী ব্যাংকের স্টাফ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়ন স্বাস্থ্যকর্মী কামাল মৃধা (৪০), সোনাইলতলা ইউনিয়নের স্বাস্থ্য কর্মী মো. মুজাহিদুল ইসলাম (৩৫) ও পৌর শহরের ইসলামী ব্যাংক’র স্টাফ এসএম রিয়াজ আলমগীরের (৩৪) করোনা উপসর্গ দেখা দিলে গত ২১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা দেন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেই নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে ২৪ জনু বুধবার সকালে আসা রিপোর্টে এই তিনজনেরই করোনা পজিটিভ এসেছে। এই তিনজনই এখন তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।

এদিকে মোংলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হওয়াতে স্থানীয়দের মাঝে চরম ভীতি ও করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই সাথে কঠোর অবস্থানেও স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান বলেন, করোনা আক্রান্তদের বাড়িঘর ইতিমধ্যে লকডাউনসহ তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

এছাড়া ব্যাংকের অন্যান্যদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ না থাকায় শারীরিক, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকের কার্যক্রম চলমান রাখার জন্য বলা হয়েছে। এছাড়া ব্যাংকের কেউ অসুস্থতা বোধ করলে সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে। যাতে দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়।