মির্জাপুরে বনের ভেতর কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড়ি অঞ্চলের পরিবেশ রক্ষাকারী বন উজার করার উৎস বনের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট, তেলিনা, মহিষবাতানসহ পাহাড়ি অঞ্চলের বনের ভেতর একাধিক চুল্লি স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছে।

এতে একদিকে যেমন পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করছে তারা অন্যদিকে ওই বনাঞ্চল এলাকায় কাঠ পোড়ার ধোঁয়ায় ঠান্ডা-কাশিসহ বিভিন্ন রোগ সংক্রমিত হচ্ছে। ইতিপূর্বে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই অবৈধ কয়লার চুল্লি ধ্বংস করেছে। কিছুদিন পরেই তা পুনরায় তৈরি করছে ওই অসাধু ব্যক্তিরা।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনে নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একাধিক স্থানে গড়ে উঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ছোট বড় ৩০টি চুল্লি ধ্বংস করেন তারা।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কয়লা উৎপদনকারীরা আগেই পালিয়ে যাওয়ায় এ কাজে জড়িত কাউকে আটক বা সাজা দিতে পারেনি তারা।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যামণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।