কুষ্টিয়া সদর উপজেলায় কভিড-১৯ আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে শহরের চর আমলাপড়া এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম (৫০) নিজ বাড়িতে এবং বারখাদা গ্রামের বাসিন্দা একাব্বার আলী(৬৮) খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভোর সাড়ে ৫টায় মৃত্যু হয় বলে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্র নিশ্চিত করেছে।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সদর উপজেলার চর আমলাপাড়ার বাসিন্দা একাব্বার আলীর গত ২২ জুন নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ হওয়ায় তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
বারখাদা ত্রিমোহিনী এলাকার বাসিন্দা আসাদুল ইসলামের গত ১৩ জুন কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। দুই ব্যক্তিই মূলত বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। গতকাল সকালে আসাদুলের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটে প্রেরণ করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই নিয়ে কুষ্টিয়ায় করোনা শনাক্ত ৫ম ও ৬ষ্ঠ ব্যক্তির মৃত্যু হল এবং গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট শনাক্ত আক্রান্তের সংখ্যা ৪৩৬ জন বলেও জানান তিনি।