করোনা মহামারির মধ্যেই বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে এক বিরাট সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বিবিসি জানায়, ইউরোপে নাৎসি জার্মানির পরাজয়ের বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করে রাশিয়া।
সাবেক সোভিয়েত ইউনিয়ন দেশটির বিরাট ভূমিকা ছিল হিটলারকে পরাজিত করার পেছনে। প্রায় দুই কোটি সোভিয়েত নাগরিক মারা গিয়েছিলেন যুদ্ধে।
৯ মে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনার কারণে সেটি পিছিয়ে দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কুচকাওয়াজে ১৩ হাজার রুশ সামরিক সদস্য অংশ নেয়। এই আয়োজনের জন্য আগেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
তবে দেশটিতে করোনা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। আক্রান্তের দিক থেকে আরও একটি লাখের কোটা পূর্ণ হলো রাশিয়ায়। বৈশ্বিক তালিকায় তৃতীয়স্থানে থাকা দেশটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৬ লাখ। এর মধ্যে মারা গেছেন সাড়ে আট হাজারেরও বেশি লোক।
কিন্তু এরকম একটা সময়ে এই অনুষ্ঠানটি করার সঙ্গে রাশিয়ায় আগামীকাল থেকে শুরু হওয়া গণভোটের সম্পর্ক দেখছেন অনেকে। এই গণভোটে রাশিয়ার সংবিধানে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন অনুমোদন করা হবে। এই সাংবিধানিক পরিবর্তন গণভোটে পাশ হলে পুতিন ২০৩৬ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন।