শরীয়তপুরে করোনা স্বাস্থ্যবিধি না মানায় ১৯ জনকে জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে শরীয়তপুর শহরের পালং বাজার, শরীয়তপুর-ঢাকা মহাসড়ক, আংগারিয়া বাজার ও পৌরসভার-১  ওয়ার্ডের  বিভিন্ন  স্থানে  বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে ১৯ জনকে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ। তিনি জানান, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করায় ১৯ জনকে ৫ হাজার ,৬০০ টাকা জরিমানা করা হয়। খাবার দোকান, মোবাইলের দোকান, বিভিন্ন যানবাহনে এ জরিমানার আওতায় আসে। এ সময় দোকান, শপিংমল বিকাল ৪টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া পারস্পরিক দূরত্ব নুন্যতম ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এতে সহযোগিতা করে পালং মডেল থানার একদল পুলিশ এবং শরীয়তপুর সদরের রোভার স্কাউটসের একটি চৌকস দল।

তিনি আরও জানান, অনেককে করোনা সম্পর্কে সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। অভিযান শেষে নিম্ন আয়ের ২৫ জন ব্যক্তিকে বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়। প্রতিদিন এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।