কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজাকে সম্মান জানিয়েছে জাতিসংঘ। পাবলিক সার্ভিস ডে উপলক্ষ্যে জাতিসংঘে বিশ্বনেতাদের সাথে বক্তব্য দেয়ার জন্য আমন্ত্রিত হন তিনি।
ভারতে করোনাভাইরাসের প্রথম তিন সংক্রমণের ঘটনা ঘটে কেরালায়। তবে নতুন সংক্রমণের সংখ্যা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দারুণ সাফল্য দেখায় এই রাজ্যটি।
দক্ষিণের এই রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৪৫১। এর মধ্যে ১৮০৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। এ পর্যন্ত রাজ্যে কভিড-১৯ এ মৃতের সংখ্যা ২২। ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে কভিড-১৯ নিয়ন্ত্রণে গত মাসে কেরালা থেকে ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং ১০০ জন নার্সকে নিয়ে যাওয়া হয়েছে।
এর সবই সম্ভব হয়েছে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজার কঠোর নীতির কারণে। ৬৩ বছর বয়সী এই মন্ত্রী প্রথম থেকেই ব্যপক হারে পরীক্ষা, সংক্রমণের গতিপথ সনাক্ত এবং আক্রান্তদের কোয়ারেন্টিনের ব্যবস্থা গ্রহণ করে বিশ্বজুড়ে প্রশংসিত হন।
মঙ্গলবার জাতিসংঘের ভার্চুয়াল কনফারেন্সে যে ১০ জন বক্তব্য দেন, তিনি তার মধ্যে অন্যতম।
শৈলজা বলেন, বিকেন্দ্রীকরণের মাধ্যমে কেরালার স্বাস্থ্যসেবা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারির আশঙ্কার কথা ঘোষণা দেয়ার পরদিন থেকেই আমরা আমাদের পুরো নজরদারি চালু করে দিয়েছিলাম।
আগে থেকেই ব্যবস্থা নেয়ার মাধ্যমে মৃত্যুহার কমিয়ে আনতে সফল হওয়ায় শৈলজার প্রশংসা করেন কনফারেন্সে প্যানেলের সঞ্চালক এবং সাউথ আফ্রিকার সেফাকো ম্যাকগাতো হেলথ সায়েন্স ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক অডেট রামসিং।
ভার্চুয়াল কনফারেন্সে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আ্যডহানম গেব্রেইসাস এবং ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলেওয়ার্ক জেইডি।
সূত্র: স্ক্রল ইন।