দেশের ছয় জেলায় করোনা উপসর্গ নিয়ে দুই পুলিশ কর্মকর্তাসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল ও রাজশাহীতে চারজন করে, খুলনা ও পাবনায় দুজন করে এবং চট্টগ্রাম ও যশোরে একজন করে রয়েছেন। বিস্তারিত ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বরিশাল : গত মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এএসআই হাবিবুর রহমান (৫৩) মারা গেছেন। গত ১৬ জুন করোনা উপসর্গ নিয়ে বরিশালে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে ওইদিন রাতে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলার উজিরপুরের সানুহার গ্রামের এক বৃদ্ধা (৬৫)। গত রবিবার রাতে তিনি ভর্তি হন। এদিকে গতকাল দুপুর ২টার দিকে এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়। তিনিও রবিবার সন্ধ্যায় ভর্তি হন। আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে করোনা ওয়ার্ডে এক ব্যক্তির (৫৬) মৃত্যু হয়। তার বাড়ি ঝালকাঠীর নলছিটির তিমিরকাঠী এলাকায়। তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান পরিচালক বাকির।
রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। তারা হলেন পাবনা সদর উপজেলার শালগাড়ি গ্রামের আলতাফ হোসেন (৬২), নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের ওসমান মণ্ডলের স্ত্রী আকলিমা বেগম (৭০), রাজশাহী নগরীর বেলদারপাড়া মহল্লার জিকরুল হক (৭০) এবং নওগাঁ সদর উপজেলার জগেশ্বর কীর্তিপুর গ্রামের অনুকূল প্রামাণিক (৫০)। মঙ্গলবার রাতে আকলিমা ও আলতাফ আর বুধবার দুপুরে অনুকূল এবং জিকরুল মারা যান। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
খুলনা : খুলনা মেডিকেল কলেজ (খুলনা) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামের মো. রফিকুল ইসলাম (৫০) ও কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের আব্দুল কাদের সানা (৫০) মারা গেছেন। হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে রফিকুল এবং ১টার দিকে কাদের সানা মারা যান।
পাবনা : বুধবার সকালে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ঈসমাইল হোসেন (৬০) মারা গেছেন। এদিন ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পাবনা শহরের শালগাড়ীয়া এলাকার আলতাফ হোসেন (৬২) মারা যান। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, নমুনা সংগ্রহ করার পর স্বাস্থ্যবিধি মেনে আলতাফের দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।
চট্টগ্রাম : মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে জাহাঙ্গ ীর আলম (৫০) নামে এক এসআই মারা গেছেন। জেলা পুলিশ লাইনে কর্মরত জাহাঙ্গীরের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, মঙ্গলবার জাহাঙ্গীরের নমুনা সংগ্রহের কথা ছিল। কিন্তু আগেই তিনি মারা যান।
যশোর : বুধবার বেলা ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে খালেক গাজী নামে একজন মারা গেছেন। ওয়ার্ডের চিকিৎসক মবিনুল ইসলাম জানান, খালেক বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জ্বর নিয়ে হাসপাতালে আসেন। এ সময় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়। বেলা ১২টার দিকে তিনি মারা যান। তার বাড়ি যশোর সদরের চাউলিয়া গ্রামে।